
মোঃ রুবেল বেপারী, নিজস্ব প্রতিবেদক, (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন প্রধান সড়ক ও সংযোগ সড়কে রাজনৈতিক ও দলীয় ব্যানারে তৈরি করা বিশাল বিশাল তোরণ বা গেইটগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এক সময় দলীয় প্রচার-প্রচারণার জন্য এসব তোরণ নির্মাণ করা হলেও বর্তমানে সেগুলোতে কোনো ব্যানার বা ফেস্টুন নেই। শুধু লোহা ও বাঁশের কঙ্কালসার কাঠামো নিয়ে দাঁড়িয়ে থাকা এসব তোরণ এখন সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায়, অসংখ্য পরিত্যক্ত গেইট সড়কের ফুটপাত ও ড্রেনের জায়গা দখল করে আছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় এসব তোরণ নড়বড়ে হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে তোরণগুলোর নিচের অংশ ক্ষয়ে গেছে, যা সামান্য বাতাস বা ঝড়ে যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও চালকরা।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যানার-ফেস্টুন খুলে ফেলা হলেও লোহার এই কাঠামো বা গেইটগুলো সড়কেই রয়ে গেছে। এগুলো শুধু রাস্তার সৌন্দর্যই নষ্ট করছে না, বরং ফুটপাত দখল করে হাঁটাচলার পথ সরু করে ফেলেছে। যেকোনো মুহূর্তে এগুলো মাথার ওপর ভেঙে পড়তে পারে।”
বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীরা এই ঝুঁকির মুখে বেশি রয়েছেন। বাতাস শুরু হলে নড়বড়ে এসব গেইট থেকে লোহার অ্যাঙ্গেল বা বাঁশ খসে পড়ার ভয় কাজ করে। এছাড়া সড়ক সরু হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
এলাকাবাসীর দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে এসব পরিত্যক্ত তোরণ অবিলম্বে অপসারণ করা হোক। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সিরাজদিখান উপজেলার সচেতন নাগরিক সমাজ।