
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর তত্ত্বাবধানে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংকটের সমাধানে অনুদান প্রদান করেছেন স্থানীয় বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সংসদ সদস্যের হাতে এই উপহার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
হাসপাতালের সার্বিক উন্নয়নে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি একটি ফ্রিজ, ইছাপুরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর ৬টি সিলিং ফ্যান এবং নূর নবী একটি আইপিএস উপহার দেন। এছাড়া রশুনীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খিজির চৌধুরী হাসপাতালের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে থাই গ্লাস স্থাপনের দায়িত্ব নেন। বিশেষ মানবিক সহায়তায় এগিয়ে এসে মোহাম্মদ নাফিজ প্রতি মাসে হাসপাতালের দুইজন ক্লিনারের বেতন প্রদানের ঘোষণা দেন।
পাশাপাশি হাসপাতালের ফান্ডে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন হিমু উদ্দিন (১ লক্ষ টাকা), আলী আনসার মোল্লা (১ লক্ষ টাকা), মোঃ অপু ভুইয়া (৩০ হাজার টাকা), জাকির শেখ (৩০ হাজার টাকা), জসিম উদ্দিন (২০ হাজার টাকা) এবং মধ্যপাড়া ইউনিয়নের সিঙ্গাপুর প্রবাসী আমান শেখ (২০ হাজার টাকা)।
উক্ত মানবিক উদ্যোগের সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল শেখ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইউব আজিজ এবং উপজেলা মহিলা দলের মাহমুদা আক্তার। সংশ্লিষ্টরা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সৌন্দর্য ও সেবার মান ধরে রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।